নয়াদিল্লি, ৯ মার্চ: দেশে গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং ও ডেলিভারির নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একটি সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর পরবর্তী সিলিন্ডারটি পাওয়ার জন্য গ্রাহককে অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে। ইতিপূর্বে এই ব্যবধান ছিল ২১ দিন।
মূলত পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, উত্তেজনায় এবং হরমুজ প্রণালী সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি (Liquefied Petroleum Gas) এর দাম ও সরবরাহে অস্থিরতা দেখা দেওয়ায় ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে সিলিন্ডার মজুত করার একটি প্রবণতা দেখা দিয়েছে। যার ফলে অনেক গ্রাহকের প্রয়োজন না থাকলেও দ্রুত সিলিন্ডার বুক করছেন, যাকে বলা হচ্ছে ‘প্যানিক বুকিং’। এই অহেতুক সিলিন্ডার বুকিং ও কালোবাজারি রুখতে বুকিংয়ের ২১ দিনের সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করেছে।
উল্লেখ্য যে, গত শনিবার থেকে ১৪.২ কেজি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধির ফলে কলকাতা ও আশপাশের এলাকায় ১৪.২ কেজি গৃহস্থালি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা।
শুধু গৃহস্থালির রান্না গ্যাসের সিলিন্ডারই নয়, বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও। আগের দামের থেকে বৃদ্ধি পেয়েছে, যার বাজার মূল্য ১ মার্চ কলকাতায় ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। তা গত শনিবার থেকে নতুন করে ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে তা এখন দাঁড়িয়েছে ১,৯৯৯ টাকা ।
এদিন জানা গেছে, ভারত ইতিমধ্যে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ের মতো দেশ থেকে অতিরিক্ত এলপিজি কেনার জন্য আলোচনা চলছে।

