সামনেই রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৬ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও তালিকায় রয়েছেন ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
তবে এবারের নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বড়সড় আইনি পদক্ষেপ লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এই ট্রাইব্যুনালগুলোর কাজ হলো ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখা। জানা গেছে, ‘বিচারাধীন’ তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছিল, যার বিপরীতে ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে ৩৪ লক্ষ ৩৫ হাজার ১৭৮টি।
এই বিপুল পরিমাণ আবেদনের নিষ্পত্তি করতে দিনরাত কাজ করছেন ১৯ জন প্রাক্তন বিচারপতি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২১ ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাঁদের ‘যোগ্য’ হিসেবে রায় দেবে, তাঁরাই আসন্ন ভোটে অংশ নিতে পারবেন। ট্রাইব্যুনালের পক্ষ থেকে কড়া অবস্থান নিয়ে জানানো হয়েছে যে, যথাযথ নোটিশ এবং সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য শোনা ছাড়া কোনোভাবেই কারও নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
প্রশাসনিক কোনো ভুলের কারণে যাতে একজন বৈধ ভোটারও তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে এই বিশেষ বেঞ্চ। আগামী ২১শে এপ্রিল ট্রাইব্যুনাল যোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলে প্রথম দফার ভোটার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

