রাজ্যে একদিকে যখন চরম রাজনৈতিক অস্থিরতা, ঠিক সেই সন্ধিক্ষণেই হ্যাকারদের কবলে পড়ল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামিকাল, ৮ মে বহু প্রতীক্ষিত মাধ্যমিকের ফলাফল প্রকাশ। তার ঠিক আগের দিন পর্ষদের ওয়েবসাইটটি সার্চ করলেই ভেসে উঠছে গুগলের সতর্কবার্তা ‘This site may be hacked’। একদিকে সরকার পরিবর্তনের ডামাডোল, আর অন্যদিকে পর্ষদের সাইটে এই ‘অশনি সংকেত’ দুইয়ে মিলে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র শঙ্কা।
রাজনৈতিক মহলে জল্পনা, বিদায়ী সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও ক্ষমতার অলিন্দে পালাবদলের সুর বেজে গিয়েছে। প্রশাসনের শীর্ষ স্তরে যখন এক প্রকার ‘ভ্যাকুয়াম’ বা শূন্যতা তৈরি হয়েছে, ঠিক সেই সুযোগকেই কি কাজে লাগাল সাইবার অপরাধীরা? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, পর্ষদের সার্ভার থেকে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যেই এই হানা। আগামী ৮ তারিখে সকাল থেকেই কয়েক লক্ষ পড়ুয়া যখন রেজাল্ট দেখতে পর্ষদের সাইটে ভিড় করবেন, তখন তাঁদের অজান্তেই ডিভাইসে ঢুকে পড়তে পারে ক্ষতিকর ভাইরাস।
ইতিমধ্যেই পর্ষদের ওয়েবসাইটটি গুগল সার্চে খুঁজলে দেখা যাচ্ছে ‘This site may be hacked’ সতর্কতাটি। এর অর্থ হলো, সাইটের তথ্য বা পৃষ্ঠায় বদল আনা হয়েছে অথবা কোনো ক্ষতিকর লিঙ্ক এখানে যুক্ত করা হয়েছে। ফল প্রকাশের ঠিক কয়েক ঘণ্টা আগে পর্ষদের পোর্টালে এই হানা কি নিছকই যান্ত্রিক গোলযোগ, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? পর্ষদ বা প্রশাসনের তরফ থেকে এখনও স্পষ্ট কোনো আশ্বাস না মেলায় উদ্বেগ বাড়ছে অভিভাবক মহলে।

