রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর নিয়ে এল নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। এবার থেকে বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই প্রকল্পের আওতায় উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার স্পষ্ট জানিয়েছে, জনকল্যাণমূলক কোনো প্রকল্পই বন্ধ হবে না, বরং সেগুলির সুবিধা আরও বাড়ানো হবে। শীঘ্রই এই বর্ধিত ভাতার বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে সরকারি তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। মূলত মৃত ব্যক্তি বা অ-ভারতীয়দের নাম তালিকা থেকে বাদ দিয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছে প্রশাসন। এই প্রক্রিয়া শেষ হলেই কার্যকর হবে নতুন ভাতার হার। উল্লেখ্য যে, পূর্বতন সরকারের আমলে বার্ধক্য ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন। নতুন ব্যবস্থায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গা নিতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প।
আগামী ১ জুন থেকে রাজ্যে কার্যকর হতে যাওয়া এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এরপর তাঁরা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।
