অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আজ ১৭ অগস্ট থেকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। তবে আজ সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। নির্দিষ্ট কিছু আবেদনকারীই আজ ৩ হাজার টাকা করে পাবেন। কারা এই টাকা পাবেন এবং কারা পাবেন না, তা নিয়ে একাধিক শর্তও রয়েছে।
আজ কারা টাকা পাবেন?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে যাঁদের আবেদন ও নথিপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ সরাসরি ৩ হাজার টাকা জমা পড়বে। অর্থাৎ, শুধু আবেদন করলেই আজ টাকা পাওয়া যাবে না। ১০ জুলাইয়ের মধ্যে আবেদন, ভেরিফিকেশন সম্পূর্ণ এবং যোগ্য হিসেবে চিহ্নিত হওয়া এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ।
আজ কারা টাকা পাবেন না?
১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাঁদের অনেকেরই এখনও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। তাই এই দফায় তাঁদের অ্যাকাউন্টে আজ টাকা নাও ঢুকতে পারে। আবেদন ও নথিপত্রের যাচাই শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে।
অর্থাৎ, ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে এবং যোগ্য হিসেবে চিহ্নিত না হলে আজ ১৭ অগস্ট ৩ হাজার টাকা পাওয়া যাবে না।
অন্নপূর্ণা যোজনার জন্য কারা যোগ্য?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি পরিবারের মাসিক আয়ও বিবেচনা করা হবে। যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। সাতটি পুরনিগম এলাকার বাসিন্দাদের ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি, অথবা সরকারের অধীনস্থ সংস্থা যেমন পঞ্চায়েত, পুরসভা, সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এই ধরনের প্রতিষ্ঠানে ঠিকাকর্মী হিসেবে কাজ করেন, তাঁরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্য হলে টাকা পাবেন।
অন্য সরকারি ভাতা পেলেও কি অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে?
যাঁরা ইতিমধ্যেই ৩ হাজার টাকার কম কোনও সরকারি ভাতা পান, তাঁদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। যেমন, কোনও মহিলা যদি ১,৫০০ টাকা বিধবা ভাতা পান, তাহলে তিনি বিধবা ভাতার সঙ্গে আরও ৩ হাজার টাকা যোগ করে মোট ৪,৫০০ টাকা পাবেন না। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তিনি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন। তবে দিব্যাঙ্গ ভাতা পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে উভয় প্রকল্পের সুবিধাই পেতে পারেন।
PM-KISAN-এর সুবিধা পেলেও অন্নপূর্ণার টাকা?
কৃষক পরিবারের মহিলা সদস্যরা PM-KISAN প্রকল্পের সুবিধা পেলেও অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। অর্থাৎ, যোগ্যতা পূরণ করলে একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
এছাড়াও যাঁদের তিন কক্ষের বাড়ি রয়েছে, এতদিন তাঁদের অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার নিয়মের কথাও জানানো হয়েছিল। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। ফলে শুধুমাত্র বাড়িতে কয়টি ঘর রয়েছে, সেই কারণেই গ্রামের যোগ্য মহিলারা প্রকল্প থেকে বাদ পড়বেন না।
প্রতি মাসে কবে টাকা মিলবে?
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর অর্থ দফতরের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসে বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পের অর্থ দেওয়া হয়েছে। এবার ১৭ অগস্ট থেকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে।

