সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বীরভূমের তারাপীঠ। মন্দিরের কাছেই একটি বেসরকারি হোটেলে আগুন লেগে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে পুণ্যার্থীরাও রয়েছেন। ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার কাছেই ‘বিদেশিনী’ নামের ওই হোটেলের নিচের তলায় আগুন লাগে। সেই সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে আতঙ্ক তৈরি হয়। হোটেলের কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ভরে যায় হোটেলের বিভিন্ন তলা। আতঙ্কে অতিথিরা বাইরে বেরোনোর চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। বেশ কয়েকটি দমকলের ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হোটেলের ভিতরে আটকে পড়া অতিথিদের উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
কিভাবে আগুন লাগলো এখনও স্পষ্ট নয়, জানা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং হোটেলে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এদিন তারাপীঠে পুজো দিতে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। সেই সময়ই এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় তীর্থক্ষেত্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিচয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য প্রশাসনের তরফে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

