সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য আর আবেদন ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে পরীক্ষার আবেদন বাবদ সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর চাকরিপ্রার্থীদের জন্য এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সিদ্ধান্তে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া বেকার যুবক-যুবতীদের অনেকটাই স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।
এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে রাজ্য সরকারের তরফে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, কোনও ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের আবেদন বা পরীক্ষার ফি দিতে হবে না। পরীক্ষার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে। অর্থাৎ, সাধারণ শ্রেণির প্রার্থী থেকে শুরু করে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত চাকরিপ্রার্থী—সকলেই এই সুবিধা পাবেন।
এত দিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আবেদন করতে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত চাকরিপ্রার্থীদের। শুভেন্দু অধিকারী জানান, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় সাধারণ শ্রেণির প্রার্থীদের আবেদন ফি তুলনামূলক বেশি ছিল। অন্য দিকে, স্কুল সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ২৫০ টাকা করে দিতে হত। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই খরচ আর চাকরিপ্রার্থীদের বহন করতে হবে না।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য অর্থ খরচ করতে হওয়া উচিত নয়। তাই আগামী দিনের সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারই পরীক্ষার খরচের দায়িত্ব নেবে।
উল্লেখ্য, শুধু আবেদন ফি মকুব নয়, এ দিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য, পুলিশ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, পর্যটন-সহ একাধিক দফতরে নিয়োগ করা হবে। এর মধ্যে পুলিশ বিভাগেই রয়েছে সবচেয়ে বেশি শূন্যপদ। সরকারের লক্ষ্য আগামী দিনে মোট এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে ১,৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে সরকারের।
এর আগে রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আজকের পর থেকে যত নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে, কোনো টাকা দিতে হবে না। এক্সাম ফি, রিক্রুটমেন্ট এক্সাম ফি এই মুহূর্তে জেনারেলের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে সবচেয়ে বেশি আছে। আর এসসি, এসটিদের হাফ দিতে হয়। এসএসসির ক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে পাঁচশো আর আড়াইশো। জেনারেলে পাঁচশো, এসসি এসটিদের আড়াইশো ছিল। আজকের পর থেকে যতগুলো বিজ্ঞপ্তি জারি হবে রিক্রুটমেন্টের, কোথাও কোনো আমাদের বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করতে হবে না। রাজ্য সরকার তাদের পরীক্ষার খরচ বহন করবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
