রাজ্যের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সোমবার নবান্নে নবগঠিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক শেষে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডলাইন প্রকাশ করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটির নাম ও ভাতার পরিমাণ বদলে এবার তা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ হিসেবে চালু হতে চলেছে। ১ জুন থেকে নতুন এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এই টাকা পাওয়ার জন্য কাদের আবেদন করতে হবে, বয়স কত লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে তা আজকের প্রতিবেদনে বিস্তারিত দেওয়া হলো।
কাদের নতুন করে আবেদন করতে হবে আর কাদের নয়?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন জানিয়েছেন, যে সমস্ত মহিলারা আগে থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য তাঁদের নতুন করে কোনো ফর্ম ফিলাপ বা আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের নাম সরাসরি এবং স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে স্থানান্তরিত (ট্রান্সফার) করে দেওয়া হবে। ১ জুন থেকে তাঁরা সরাসরি নতুন নিয়মে ৩,০০০ টাকা পাবেন।
তবে, যাঁরা এতদিন কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার পাননি, নাম বাদ গিয়েছিল বা নতুন করে নাম তুলতে চান, তাঁদের নতুন করে আবেদন করতে হবে। এর পাশাপাশি, যাঁরা সিএএ (CAA) এর জন্য আবেদন করেছেন এবং যাঁরা বর্তমানে ট্রাইব্যুনালে রয়েছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন এবং তাঁদেরও নতুন করে আবেদন করতে হবে।
বয়স কত লাগবে এবং আবেদনের যোগ্যতা কী?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী মহিলার নাম রাজ্যের অফিশিয়াল ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক।
লক্ষ্মী ভান্ডারের মতো জাতিগত কোনো বৈষম্য করবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ (General), ওবিসি (OBC) এবং তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) সমস্ত বিভাগের মহিলারাই সমানভাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন।
কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কীভাবে আবেদন করবেন?
এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে এবার আর কোনো অফলাইন ফর্ম বা দুয়ারে সরকারের মতো ক্যাম্পে যাওয়ার প্রয়োজন নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনেই। এর জন্য রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি দফতর খুব শীঘ্রই একটি নতুন এবং নির্দিষ্ট অফিশিয়াল ওয়েব পোর্টাল চালু করতে চলেছে। এই পোর্টালটির মাধ্যমে মহিলারা ঘরে বসে বা নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
কবে থেকে এবং কীভাবে অ্যাকাউন্টে টাকা আসবে?
আগামী ১ জুন, ২০২৬ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। নতুন সরকারের নিয়মে এখন থেকে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সম্পূর্ণ অর্থই ডিবিটি (Direct Benefit Transfer) বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তার নিজস্ব লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

