অবশেষে ফুরোলো অপেক্ষার প্রহর। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন। এ বছর মেধা তালিকায় কারা জায়গা করে নিচ্ছে এবং জেলাভিত্তিক পাশের হার কেমন হতে চলেছে, তা নিয়ে এখন তুঙ্গে উত্তেজনা।
মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৯টার পর থেকেই পর্ষদ ভবনে ফলাফল ঘোষণার কাজ শুরু হবে।
সভাপতি আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা ও পাসের হার ঘোষণার পর ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা শুরু করা যাবে।
অন্যদিকে, সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন ক্যাম্প অফিসগুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি শুরু হবে। বিদ্যালয়ের প্রতিনিধিরা সেখান থেকে রেজাল্ট সংগ্রহের পর ছাত্রছাত্রীরা আজই নিজেদের স্কুল থেকে হার্ডকপি মার্কশিট হাতে পেতে পারবেন।

