দুর্গাপুজোর আগেই কলকাতা পুলিশের নিয়োগের বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা পুলিশে ৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
সাধারণত এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি বাংলা ভাষায় লেখা, পড়া ও বলতে হবে । তবে দার্জিলিং ও কালিম্পং জেলার বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা ভাষার এই শর্ত শিথিল করা হয়েছে।
বিশেষ সুবিধা পাবেন কলকাতা পুলিশের অধীনে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা। যাঁরা ইতিমধ্যে তিন বছর পূর্ণ করেছেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তবে, উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এখনও পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি (Official Notification) প্রকাশিত হয়নি।
মোট পাঁচটি ধাপে এই নিয়োগ হবে –
১. প্রিলিমিনারি লিখিত পরীক্ষা
২. শারীরিক পরিমাপের পরীক্ষা (PMT)
৩. শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET)
৪. চূড়ান্ত লিখিত পরীক্ষা
৫. ইন্টারভিউ।
খুব শীঘ্রই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

