তীব্র গরমে যখন নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তখন গরম থেকে বাঁচার এক আজব ঘরোয়া টোটকা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি দাবি করেছেন, পকেটে একটি সাধারণ পেঁয়াজ রাখলেই নাকি গরম বা হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়া সম্ভব।
সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরীতে এক সভায় বক্তব্য রাখার সময় মন্ত্রী নিজের পকেট থেকে একটি আস্ত পেঁয়াজ বের করে সবাইকে দেখান। তিনি বলেন, “আগেকার দিনে মা-ঠাকুমারা বলতেন রোদে বেরনোর সময় পকেটে পেঁয়াজ রাখতে। আমি আজও সেই নিয়ম মেনে চলি।”
সিন্ধিয়া আরও জানান যে, ৫১-৫২ ডিগ্রি গরমেও তিনি দিব্যি ঘুরে বেড়ান এবং তাঁর গাড়িতে এসি (AC) চালানোরও প্রয়োজন পড়ে না। তাঁর মতে, এটি একটি পুরনো ভারতীয় পদ্ধতি যা আজকের মানুষ ভুলে যাচ্ছে। তিনি মজা করে বলেন, এখনকার ছেলেমেয়েরা পকেটে মোবাইল নিয়ে ঘোরে, আর তিনি ঘোরেন পেঁয়াজ নিয়ে।
