আরজি কর কাণ্ডের আঁচ এবার সরাসরি রাজনীতির ময়দানে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বড় চমক দিল বিজেপি। খোদ আরজি করের সেই নির্যাতিতা চিকিৎসকের মা-কেই প্রার্থী হিসেবে ঘোষণা করল গেরুয়া শিবির।
বুধবার বিকেলে ১৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে। যে এলাকায় আরজি করের নির্যাতিতা থাকতেন, সেই নিজের এলাকা থেকেই এবার ভোটের লড়াইয়ে নামছেন তাঁর মা।
গত কয়েক মাস ধরে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে ওঠে। নির্যাতিতার পরিবারকে পাশে নিয়ে লাগাতার আন্দোলন চালিয়েছে বিজেপি। এবার খোদ নির্যাতিতার মা রত্না দেবনাথ কে ভোটযুদ্ধে নামিয়ে পানিহাটিতে শাসকদলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল তারা। যদিও পানিহাটি কেন্দ্রে তৃণমূল ইতিমধ্যেই হেভিওয়েট প্রার্থী হিসেবে পাঁচবারের বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে লড়াইয়ে নামিয়েছে। এছাড়া বামফ্রন্টের তরফে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন আরজি কর আন্দোলনের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত।
এদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে এই নতুন ১৯ জনের তালিকা প্রকাশ করা হয়। এর আগে প্রথম দফায় বেশ কিছু নাম ঘোষণা করা হয়েছিল। আজকের ১৯ জন প্রার্থীর নাম ঘোষণার পর রাজ্যে আর ১৯টি কেন্দ্রে প্রার্থী দেওয়া বাকি রইল বিজেপির। যা কোচবিহার দক্ষিণ থেকে নলহাটি পর্যন্ত বিস্তৃত। এই তালিকা প্রকাশের পর থেকেই গোটা রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
