নতুন অর্থবর্ষের শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন ব্যবসায়ীরা । ১ এপ্রিল থেকে একলাফে অনেকটাই বাড়ানো হলো ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম। পাশাপাশি ৫ কেজির এফটিএল (FTL) সিলিন্ডারের দাম একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে । রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, আজ থেকে কলকাতা ও দিল্লিসহ দেশের মেট্রো শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে ।
সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। গত মাস পর্যন্ত কলকাতায় এই সিলিন্ডারের দাম ছিল ১,৯৯০ টাকা। এক মাসের ব্যবধানে একধাক্কায় ২১৮ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ২ হাজার ২০৮ টাকা ।
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১৯৫ টাকা ৫০ পয়সা । ফলে অপরদিকে, সেখানে আজ থেকে একটি ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ২ হাজার ৭৮ টাকা ৫০ পয়সা । এছাড়া মুম্বইতে ১৯৬ টাকা এবং চেন্নাইতে ২০৩ টাকা দাম বাড়ানো হয়েছে ।
শুধু বড় সিলিন্ডার নয়, দাম বেড়েছে ৫ কেজির এফটিএল (Free Trade LPG) সিলিন্ডারেরও। আজ থেকে ৫ কেজির ছোট সিলিন্ডার রিফিল করতে অতিরিক্ত ৫১ টাকা বেশি দিতে হবে। দিল্লিতে এর নতুন রিফিল মূল্য দাঁড়িয়েছে ৫৪৯ টাকা ।
এছাড়াও বাণিজ্যিক ও ছোট সিলিন্ডারের দাম বাড়লেও, সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি । পূর্বের দামই পাওয়া যাবে ফলে সাধারণ মানুষের রান্নার খরচ আপাতত বাড়ছে না । তবে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার খরচ অনেকটা বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে বাইরের খাবারের দামের ওপর ।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলারের দামের পরিবর্তন এবং পরিবহণ খরচ বাড়ার কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে।

