আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এই ভোটের ঠিক দুদিন আগে আজ, ২৭ এপ্রিল ঠিক হতে চলেছে কয়েক লক্ষ মানুষের ভাগ্য। সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ রাত পর্যন্ত কাজ করবে বিশেষ ‘বিচারবিভাগীয় ট্রাইব্যুনাল’। আজ রাত পর্যন্ত যাঁদের আবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করবে, কেবল তাঁরাই শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন এবং পরশু দিন ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচনে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বড়সড় জটিলতা তৈরি হয়েছিল। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার মানুষের নাম কাটা যাওয়া বা ভোটার হওয়া নিয়ে সংশয় দেখা দেয়। এই সমস্যা মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, কোনো যোগ্য নাগরিক যেন ভোট দেওয়া থেকে বাদ না পড়েন। এজন্য কমিশন আপিল ট্রাইব্যুনাল চালু করে। এরপরই কয়েক লক্ষ আবেদন জমা পড়ে। নাম ফেরানোর জন্য জমা পড়া আবেদনের সংখ্যা ছিল প্রায় ৩৪ লক্ষ ৩৫ হাজার।
সময় খুব কম থাকায় সব আবেদন খতিয়ে দেখা সম্ভব হয়নি। প্রথম দফার ভোটের আগে প্রায় ৬৫০টি মামলার শুনানি হয়েছিল, যার মধ্যে সব নথিপত্র ঠিক থাকায় মাত্র ১৩৯ জন নতুন করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
উল্লেখ্য, আজই ট্রাইব্যুনাল ভোটার আগে তাঁদের শেষ তালিকা তৈরি করবে। আজ রাত পর্যন্ত ট্রাইব্যুনাল যতগুলো আবেদনের কাজ শেষ বা নিষ্পত্তি করতে পারবে এবং যাঁদের যোগ্য বলে মনে করবে, তাঁদের নামই চূড়ান্ত তালিকায় উঠবে। এই তালিকায় নাম থাকলেই আগামী ২৯ তারিখ ভোট দেওয়া যাবে।
কমিশন সূত্রে জানা গেছে, আজ নিষ্পত্তির কাজ শেষ হওয়ার পর রাতেই এই তালিকা চূড়ান্ত করা হবে।

