খেলার মাঠে যিনি দাঁতের যন্ত্রণা আর মুখে ব্যান্ডেজ বেঁধে দেশের জন্য সোনা জিতেছিলেন, সেই জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন রাজনীতির মাঠে এবার হেরে গেলেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র এই আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত এবং স্বপ্না ছিলেন এই মাটিরই ভূমিকন্যা।
সেখান থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অর্জুন পুরস্কারজয়ী এই অ্যাথলিট। কিন্তু ভোটের লড়াইয়ে তিনি বিজেপি প্রার্থী দীনেশ সরকারের কাছে ২১,৪৭৭ ভোটে হার মানলেন। বিজেপি প্রার্থী যেখানে ১ লক্ষ ১৪ হাজার ৬৫৭টি ভোট পেয়েছেন, সেখানে স্বপ্নার ঝুলিতে এসেছে ৯৩ হাজার ১৮০টি ভোট। অন্যদিকে বাম প্রার্থী খগেন্দ্র নাথ রায় পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৭১টি ভোট।
গত ২১শে মার্চ ভোটের প্রচার চলাকালীনই তিনি তাঁর বাবাকে হারান। সেই শোক বুকে পাথর করেই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন তিনি। কিন্তু ১৩ রাউন্ড গণনা শেষে দেখা গেল, রাজগঞ্জের জনমত এবারও পদ্ম শিবিরের পক্ষেই গিয়েছে।
