রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবকদের মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয় চলতি বছরের রাজ্য বাজেটে। তবে প্রকল্পের ঘোষণা হলেও এখনও পর্যন্ত কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, তা নিয়ে নতুন করে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু বেকার যুবক-যুবতী।
২৬এর বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তা বাড়ানো হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করার কথাও বলা হয়েছিল। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট অনুযায়ী, কর্মহীন স্নাতক যুবক-যুবতীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, স্নাতক না হলেও এই প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
কবে থেকে মিলবে টাকা?
রাজ্যের বেকার যুবক-যুবতীদের এখন একটাই প্রশ্ন, ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে?
বাজেট ঘোষণার সময় অক্টোবর মাস থেকে ‘ভরসা’ প্রকল্প চালু করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। পাশাপাশি আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে পারে তাও জানায়নি সরকার, তাই রাজ্যের যুবক যুবতীদের আপাতত সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
তাই এখন কোনও বেসরকারি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্কের মাধ্যমে আবেদন করার আগে সতর্ক থাকা প্রয়োজন।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
রাজ্য বাজেটে ঘোষণায় বলা হয়েছিল ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবক-যুবতীদের মাসিক এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়াও, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে এবং অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নেওয়া থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না—এমন শর্তের কথাও বলা হয়েছিলো।
এই প্রকল্পের আওতায়, স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা। আর স্নাতকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা যোগ্য বেকারদের মাসে ২,০০০ টাকা করে দেবে। অর্থাৎ, যোগ্যতা পূরণ করলে একজন স্নাতক বেকার যুবক বা যুবতী বছরে মোট ৩৬ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।
এদিকে, রাজ্য বাজেটে যুবশক্তি ভরসা’ প্রকল্পের ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন পড়ুয়াদের মধ্যে শিক্ষাগত নথি সংগ্রহের চিত্র দেখা যাচ্ছে। অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী অরিজিনাল এবং প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করে রাখছেন।
এর আগের সরকার রাজ্যে ‘যুবশ্রী’ এবং ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন। আগের সরকারের আমলে এই ধরনের প্রকল্পে উপভোক্তারা মাসে ১,৫০০ টাকা করে পেতো। ২০১৩ সালে শিক্ষিত বেকারদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ‘যুবশ্রী’ প্রকল্প চালু করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

