নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি নিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা উপভোক্তা। জুন, জুলাই ও আগস্ট মাসের টাকা ইতিমধ্যেই যোগ্য ও অনুমোদিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার সেপ্টেম্বরের ৩,০০০ টাকা কবে ঢুকবে, তা নিয়েই ছিল প্রশ্ন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা পাঠানোর দিনক্ষণ জানাল রাজ্য।
সোমবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ওই দিন রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে প্রশাসনের তরফে বলা হয়েছিল, উপভোক্তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থ দফতরের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছিল। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তৈরি হয়েছিল উদ্বেগ। এবার ১৭ সেপ্টেম্বর থেকে টাকা পাঠানোর কথা জানানো হল।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ও বিধবা ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এতদিন ১,০০০ টাকা করে পাওয়া বার্ধক্য ও বিধবা ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা জানানো হয়েছে।
পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সি যে মহিলারা এই ১,৫০০ টাকার ভাতা পাচ্ছেন, তাঁদের জন্য অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বিশেষ সুযোগের কথা বলা হয়েছে। তাঁরা চাইলে ১,৫০০ টাকার ওই ভাতা ছেড়ে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা নিতে পারবেন। অর্থাৎ, ১,৫০০ টাকার পরিবর্তে মাসে ৩,০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে।
এই বিষয়ে আগ্রহী উপভোক্তাদের নিকটবর্তী বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে সংশ্লিষ্ট দফতর উপভোক্তাদের সাহায্য করবে বলেও জানানো হয়েছে।
সরকারি হিসাবে, আগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। সেপ্টেম্বর মাসের টাকা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পাঠানো শুরু হবে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার কারণে সময় লাগছে। তবে যোগ্য কোনও উপভোক্তা বঞ্চিত হবেন না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে ২৫ থেকে ৬০ বছর বয়সি দিব্যাঙ্গ (প্রতিবন্ধী) মহিলাদের ক্ষেত্রে নিয়মটি আলাদা। যোগ্য দিব্যাঙ্গ মহিলা উপভোক্তারা ১,৫০০ টাকার ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও পাবেন। অর্থাৎ, তাঁরা দুই সুবিধা মিলিয়ে মাসে মোট ৪,৫০০ টাকা পাবেন।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই বয়সসীমার প্রায় ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গ মহিলা রয়েছেন। তাঁদের ক্ষেত্রে ১,৫০০ টাকার ভাতা বন্ধ করে ৩,০০০ টাকা নেওয়ার নিয়ম প্রযোজ্য নয়; যোগ্য হলে তাঁরা দুই সুবিধাই পাবেন।

