রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের তৈরি হয়েছে জটিলতা। OBC সংরক্ষণের ক্ষেত্রে ৭ শতাংশ নাকি ১৭ শতাংশ কোন রোস্টার কার্যকর হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি স্কুল সার্ভিস কমিশন (SSC)। এর জেরে ইতিমধ্যেই সুপারিশপত্র পাওয়া একাদশ-দ্বাদশের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এবং নবম-দশমের প্রায় ১৫ হাজার প্রার্থীর পরবর্তী ধাপও অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে SSC চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানান, OBC সংরক্ষণ সংক্রান্ত নতুন নির্দেশ পাওয়ার পর বিষয়টি নিয়ে কমিশনের আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। আইনি দিকটি সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না কমিশন।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপ আগামী ১৪ অগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু OBC রোস্টার নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে নির্ধারিত সময়ে সেই প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
SSC চেয়ারম্যান জানিয়েছেন, ১৪ অগস্টের প্রক্রিয়া কীভাবে এগোবে, তা আইনি ও প্রযুক্তিগত বিষয়গুলি পরিষ্কার হওয়ার পরেই ঠিক করা হবে। আপাতত এবিষয়ে আর কিছু বলেনি।
ইতিমধ্যেই একাদশ-দ্বাদশের বেশ কিছু প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন। তাঁদের ক্ষেত্রে নতুন করে কোনও পরিবর্তন হবে কি না, OBC সংরক্ষণের নতুন কাঠামো কীভাবে কার্যকর হবে সেই প্রশ্নও উঠেছে। তবে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে কমিশন।
OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতার প্রভাব পড়েছে নবম-দশমের শিক্ষক নিয়োগেও। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৯ হাজার প্রার্থীর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজারের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।
তবে তথ্য যাচাইয়ের পরবর্তী ধাপ কবে শুরু হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানাতে চাইছে না SSC। OBC রোস্টার নিয়ে আইনি অবস্থান স্পষ্ট হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফলে তথ্য যাচাই সম্পূর্ণ হয়ে গেলেও নিয়োগের পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীদের। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও সময়সীমা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় ২৬ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করার কথা। কিন্তু OBC রোস্টার নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ায় ওই সময়সীমার মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা কঠিন হতে পারে বলে মনে করছে কমিশন।
প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে কতদিনের জন্য সময় চাওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন SSC চেয়ারম্যান।
অন্যদিকে, Group C এবং Group D নিয়োগ নিয়েও বড় আপডেট দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চেয়ারম্যান জানিয়েছেন, পুজোর আগেই Group C এবং Group D পরীক্ষার ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের দ্রুত প্রক্রিয়া শেষ করার বিষয়েও কমিশনের তরফে গুরুত্ব দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে স্কুল সার্ভিস কমিশনে নতুন সদস্য যুক্ত করার কথাও জানানো হয়েছে। স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী তত্ত্বসারানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ এবং আইআইএম কলকাতার অধ্যাপক রময়া তারা কার্ড ভেঙ্কটেশ্বরনকে কমিশনের কাজে যুক্ত করে বিজ্ঞপ্তি জারি করে।
কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর ফলে প্রার্থীরা সরাসরি কমিশনের ওয়েবসাইট থেকেই নিয়োগ সংক্রান্ত আপডেট জানতে পারবেন।
সব মিলিয়ে OBC সংরক্ষণ নিয়ে আইনি অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত একাদশ-দ্বাদশ এবং নবম-দশমের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তা থাকছে। বিশেষ করে ১৪ অগস্টের নির্ধারিত প্রক্রিয়া শুরু হবে কি না এবং ৩১ অগস্টের মধ্যে ২৬ হাজার নিয়োগ শেষ করা সম্ভব হবে কি না, এখন সেদিকেই নজর চাকরিপ্রার্থীদের।

