মা-বোনদের জন্য সুখবর। আগামীকাল, ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু করবে রাজ্য সরকার।
রাজ্য সরকার আগেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন ও অফলাইন—দুই ধরনের ব্যবস্থাই চালু রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘হুল দিবস’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে স্ক্রুটিনির মাধ্যমে ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন,
আগামীকাল পহেলা জুলাই এই রাজ্যে ১ কোটি ৫১ লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি দিদি আর বোনের নাম নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করবো।
অর্থাৎ, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন এবং যাঁদের আবেদন ও নথিপত্র যাচাই (স্ক্রুটিনি) শেষে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ১ জুলাই থেকে আর্থিক সহায়তার টাকা পেতে শুরু করবেন।
এখানে স্ক্রুটিনি (Scrutiny) বলতে আবেদনকারীর দেওয়া তথ্য, প্রয়োজনীয় নথিপত্র এবং যোগ্যতার শর্তগুলি বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করার প্রক্রিয়াকে বোঝায়। যাচাইয়ে সব তথ্য সঠিক পাওয়া গেলে আবেদনকারীর নাম চূড়ান্ত উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিভাবে পাঠানো হবে ব্যাংকে?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সহায়তার টাকা আগামী ১ জুলাই থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে জমা করা হবে।
যদি কোনও আবেদনকারীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে যে অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক সক্রিয় রয়েছে, সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা জমা হবে।
অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস কীভাবে দেখবেন?
অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর অনেক আবেদনকারীর মনে প্রশ্ন উঠছে—আবেদনের স্ট্যাটাস কীভাবে জানা যাবে?
বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন স্ট্যাটাস অনলাইনে বা অফলাইনে দেখার কোনও ব্যবস্থা চালু করা হয়নি। অর্থাৎ, আপনি অনলাইন বা অফলাইন—যে মাধ্যমেই আবেদন করে থাকুন না কেন, এই মুহূর্তে আবেদনটির বর্তমান অবস্থা জানার জন্য কোনও সরকারি স্ট্যাটাস-চেকিং সুবিধা নেই।
তবে সরকারের পক্ষ থেকে স্ট্যাটাস দেখার ব্যবস্থা চালু করা হলে আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন।
অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে জমা হয়েছে কি না, কীভাবে জানবেন?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তা জানতে আবেদনকারীরা ১ জুলাই থেকে তাঁদের নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে পাশবই আপডেট করতে পারেন অথবা ব্যাংক স্টেটমেন্ট, এটিএম, মোবাইল ব্যাংকিং বা এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি না তা যাচাই করতে পারেন।
যদি ১ জুলাই টাকা জমা না হয়, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকারের ঘোষণার ভিত্তিতে অর্থ ধাপে ধাপে যোগ্য ও অনুমোদিত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই কয়েকদিন অপেক্ষা করে পুনরায় অ্যাকাউন্টের স্ট্যাটাস বা ব্যাংক স্টেটমেন্ট দেখে নিন।
অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন করবেন?
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করেননি, তাঁরা নিকটবর্তী বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস অথবা সংশ্লিষ্ট পৌরসভায় গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে পারবেন।
এছাড়া, সরকার নির্ধারিত অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে। সেখানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি, যেমন আধার কার্ড ও ভোটার আইডি কার্ড আপলোড করে আবেদনটি চূড়ান্ত (Final Submit) করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদন সফলভাবে জমা হলে আবেদনকারী একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস দেখার ব্যবস্থা চালু হলে এই রেজিস্ট্রেশন নম্বরটি প্রয়োজন হতে পারে। আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস অথবা পৌরসভার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

