বড়ঞা: মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের গোদাপাড়া ১৮৬ নম্বর বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। ভোটারদের অভিযোগ, তাঁরা তৃণমূলের চিহ্নে ভোট দিলে ভিভিপ্যাড (VVPAT) স্লিপে দেখা যাচ্ছে ভোট যাচ্ছে বিজেপি প্রার্থীর ঝুলিতে। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের ভেতর ও বাইরে তুমুল বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বড়ঞার ওই বুথে ভোটাররা বিভ্রান্তি লক্ষ্য করেন। অভিযোগ ওঠে, ব্যালট ইউনিটে তৃণমূলের প্রতীকের পাশের বোতাম টিপলেও ভিভিপ্যাড মেশিনে দেখা যাচ্ছে পদ্ম শিবিরের প্রতীক। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা চরমে পৌঁছায়। তৃণমূল প্রার্থী প্রতিমা রজক ঘটনাস্থলে পৌঁছে সরাসরি ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র যাতে সাধারণ মানুষের রায়কে ঘুরিয়ে দেওয়া যায়।
পরিস্থিতি বেগতিক দেখে প্রিসাইডিং অফিসার সাময়িকভাবে ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধিকারিকরা। নির্বাচন কমিশনের প্রতিনিধি ও ইঞ্জিনিয়াররা ইভিএম মেশিনটি পরীক্ষা করতে শুরু করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি কোনো সমস্যা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে ওই বুথে পুনরায় ভোট নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
আজ প্রথম দফায় মোট ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট পর্ব শুরু হয়েছে। এই দফায় লড়াই করছেন ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। বর্তমান হিসাব অনুযায়ী, ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
