কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন ছত্তীসগঢ়ে আটক মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক। মুক্তি পাওয়া শ্রমিকেরা হলেন সাফিকুল ইসলাম, সাবির শেখ, নাসিরউদ্দিন শেখ এবং লাল্টু শেখ। বাংলাদেশি সন্দেহে ছত্তীসগঢ়ে আটক ২৩ জনের মধ্যে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার আদালতের নির্দেশের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গত ৪ সেপ্টেম্বর ছত্তীসগঢ়ের বিলাসপুর জেলা থেকে মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ ও শমসেরগঞ্জ এলাকার ২৩ জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল। তাঁরা সেখানে বাসনপত্র এবং ঘরোয়া সামগ্রী ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। পরে ১৯ জনকে ছেড়ে দেওয়া হলেও SIR সংক্রান্ত জটিলতার কারণে সাফিকুল, সাবির, নাসিরউদ্দিন ও লাল্টুকে আটক রাখা হয়েছিল।
এই চার শ্রমিকের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। বৃহস্পতিবার কৃষ্ণা রাওয়ের আদালতে মামলার দ্বিতীয় দিনের শুনানি ছিল। সেই শুনানিতেই চার শ্রমিককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, মুক্তি পাওয়া চার শ্রমিকের মধ্যে তিন জন শমসেরগঞ্জের ধানঘরা গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, ছত্তীসগঢ় প্রশাসনের তরফে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে ওই শ্রমিকদের বিষয়ে যাচাই রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট না পাওয়ায় তাঁদের মুক্তির বিষয়টি জটিল হয়ে উঠেছিল।
শেষ পর্যন্ত পরিবারের আবেদনের পর আদালতের হস্তক্ষেপেই চার শ্রমিক মুক্তি পেলেন। এর আগে একই ঘটনায় আটক ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবার বাকি চার জনও মুক্তি পেলেন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
