রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনল নবান্ন। অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষণের কাঠামোতে বড় রদবদল করে একটি নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম দফতরের এক্সেম্পটেড ক্যাটেগরি সেলের তরফে গত ২৫ মে একটি বিশেষ গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর করা এই নথিতে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে রাজ্যে সরাসরি সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের জন্য মোট সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একই সঙ্গে পূর্ববর্তী সমস্ত নির্দেশিকা বাতিল করে দিয়ে নবান্ন প্রকাশ করেছে সম্পূর্ণ নতুন একটি ‘১০০ পয়েন্ট মডেল রোস্টার’।
বিগত কয়েক মাস ধরে রাজ্যে যে ওবিসি শংসাপত্র ও সংরক্ষণ নিয়ে যে তীব্র আইনি লড়াই ও রাজনৈতিক চাপানউতোর চলছে, সেই আবহে আইনি জটিলতা এড়াতে এবং গোটা প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি রায়ে ২০১০ সালের পর দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যাওয়ায় আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা বর্তমানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। সেই জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতেই নবান্ন এই নতুন রোস্টার জারি করেছে।
নতুন এই নির্দেশিকায় পুরনো সমস্ত রোস্টার বাতিল করে রাজ্য সরকারি চাকরি, পাবলিক আন্ডারটেকিং, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি নিয়োগের জন্য নতুন ১০০ পয়েন্ট রোস্টার চালু করেছে। এর ফলে প্রতি ১০০টি শূন্যপদের মধ্যে কোন নম্বরের পদ কোন শ্রেণির প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে, তা আগে থেকেই স্পষ্ট হয়ে যাবে। নতুন রোস্টার অনুসারে, প্রথম পদটি তফশিলি জাতি (এসসি), তৃতীয় পদ ইডব্লিউএস (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির এক্সেম্পটেড ক্যাটেগরি), চতুর্থ পদ তফশিলি উপজাতি (এসটি) এবং নবম পদ ওবিসিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। একই সঙ্গে এসসি ও এসটি-দের বিদ্যমান সংরক্ষণের শতাংশ কোনোভাবেই কমানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন নিয়মে বিভিন্ন সংরক্ষিত শ্রেণির পাশাপাশি বিশেষ ক্ষেত্রগুলির জন্যও সুনির্দিষ্ট বিন্যাস করা হয়েছে। যেমন, প্রতিবন্ধী ব্যক্তিদের (PwBD) জন্য চারটি পয়েন্ট (১২, ৪২, ৩২ ও ৯০ নম্বর পদ) রাখা হয়েছে, যা নিয়োগের সময় প্রয়োজন অনুসারে বিভাগ অনুযায়ী বণ্টন করা হবে। গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের (এক্স-সার্ভিসম্যান) জন্য নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে গ্রুপ সি-এর জন্য ১১, ২২, ৫৮, ৭৫ ও ৮১ নম্বর পয়েন্ট এবং গ্রুপ ডি-এর জন্য ৫, ১৭, ২১, ৩১, ৪৯, ৫৪, ৬৩, ৭১, ৮৩ ও ৯৪ নম্বর পয়েন্ট বরাদ্দ থাকবে।
পাশাপাশি ৩৩ ও ৬৬ নম্বর পয়েন্ট মেধাবী ক্রীড়াবিদদের (Meritorious Sportsperson) জন্য এবং এক্সেম্পটেড ক্যাটেগরির প্রার্থীদের জন্যও বিভিন্ন পয়েন্টে সুযোগ রাখা হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ রয়েছে যে, যদি কোনো সংরক্ষিত পদে উপযুক্ত প্রার্থী না মেলে, তাহলে সেই পদ ফেলে না রেখে সংশ্লিষ্ট সংরক্ষিত শ্রেণিরই নন-এক্সেম্পটেড বা সাধারণ প্রার্থী দিয়ে পূরণ করা যাবে, যাতে সংরক্ষণের মূল শতাংশও কমে না এবং নিয়োগ প্রক্রিয়াও আটকে না থাকে।
প্রশাসনের কর্তারা জানিয়েছেন, নতুন ১০০ পয়েন্ট রোস্টার কঠোরভাবে অনুসরণ করলে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেকাংশে কমবে এবং আইনি জটিলতাও এড়ানো সম্ভব হবে। এই নোটিফিকেশনটি সরাসরি কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি না হলেও, ভবিষ্যতে WBPSC, SSC, স্কুল সার্ভিস কমিশন, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের সরকারি নিয়োগে এই ১০০ পয়েন্ট রোস্টারই অনুসরণ করা হবে। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের জন্য জরুরি পরামর্শ হলো, যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা যেন নিজেদের ক্যাটেগরির সার্টিফিকেট (এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, প্রতিবন্ধী ইত্যাদি) নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী যথাযথভাবে আপডেট করিয়ে রাখা।
West Bengal MODEL 100-Point Roster of Vacancies Notification 2026: Download Now

