বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে, ৩ মে ২০২৬ তারিখে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হিন্দু সুরক্ষা সেবা সঙ্ঘের কর্মীরা একটি বিশেষ যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করেছিলেন। আজ সোমবার সকাল থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা।
তবে এই রাজনৈতিক লড়াইয়ের আঁচ এবার পৌঁছে গেল খোদ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (BJP) বিপুল জয় এবং রাজ্যে ‘সনাতন সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে রবিবার গোরক্ষপুরে এক বিশেষ যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করল হিন্দু সুরক্ষা সেবা সঙ্ঘ।
রবিবার সকালে গোরক্ষপুরের গোলঘর এলাকার ঐতিহাসিক কালী মন্দিরে সমবেত হন হিন্দু সুরক্ষা সেবা সঙ্ঘের অসংখ্য নেতাকর্মী। তাঁদের মূল উদ্দেশ্য ছিল মা কালীর আশীর্বাদ নিয়ে বাংলায় রাজনৈতিক পটপরিবর্তন নিশ্চিত করা। অনুষ্ঠানের শুরুতেই মা কালীর বিশেষ পূজা ও আরতি করা হয়। এরপর মন্দিরের সামনেই বিশাল যজ্ঞকুণ্ড তৈরি করে শুরু হয় ‘সনাতনী বিজয় যজ্ঞ’।
এই যজ্ঞ চলাকালীন সংগঠনের কর্মীরা বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, বাংলায় পরিবর্তনের সময় এসে গেছে। যজ্ঞের মাঝেই তাঁরা একটি বিশেষ হিন্দি স্লোগান দেন যা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে “৪ মে, মমতা গই!” (অর্থাৎ ৪ঠা মে মমতার বিদায় নিশ্চিত)।
সংগঠনের প্রদেশ ইনচার্জ জিতেন্দ্র বর্মা (পল্লু) বলেন, “আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি যাতে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই গেরুয়া নিশান ওড়ে। আমরা চাই বাংলায় এমন একটি সরকার আসুক যারা সনাতন ধর্ম এবং শান্তি বজায় রাখবে।”

