রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন আমডাঙার জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এনআরসি (NRC) ইস্যুকে ফের ঢাল বানিয়ে সংখ্যালঘু ভোটারদের সতর্ক করে তিনি সাফ জানিয়ে দিলেন ভোট না দিয়ে কেউ হজে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট না দিয়ে দেশ ছাড়লে এনআরসি-র মাধ্যমে বিতাড়িত করবে।
এদিন আমডাঙার তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে আয়োজিত এই জনসভায় মমতা বলেন, “ভোট না দিয়ে কেউ হজ করতে যাবেন না। ভোট দিয়ে তবেই যাবেন। নইলে ওরা এনআরসি করে আপনাদের দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না।” মমতার দাবি, কেন্দ্রীয় সরকার বা বিজেপি ভোটের সময় পরিকল্পিতভাবে অনেককে বাইরে পাঠিয়ে দিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করতে পারে, যা ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেবে।
নাগরিকত্ব ইস্যুতে ভোটারদের সচেতন করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ভোটার তালিকায় নাম থাকাটা সবথেকে জরুরি। হজ কমিটি আপনাদের যাওয়ার সব ব্যবস্থা করবে, কিন্তু তার আগে ভোট নিশ্চিত করতে হবে।”
