ভোটের আবহে চলতি বছরের স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG 2026) নিয়ে বড় ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বুধবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সুবিধার জন্য কোন শহরে পরীক্ষা পড়েছে, সেই ‘সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। এটিএ জানান, ৯৯.২ শতাংশ পড়ুয়াকেই তাঁদের প্রথম পছন্দের শহর বরাদ্দ করা হয়েছে। এতে দূরের সেন্টারে যাতায়াতের ঝক্কি কমবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী ৩ মে দেশজুড়ে এই নিট ইউজি পরীক্ষা হবে। পরীক্ষা পেন এবং পেপার (অফলাইন) মোডে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এনটিএ স্পষ্ট জানিয়েছে, ২৪ এপ্রিলের পর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার একটি কাগুজে প্রতিলিপি বা হার্ড কপি সঙ্গে রাখতে হবে। নিট পরীক্ষা বাংলা, ইংরেজি, হিন্দি-সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
