ভারতীয় রাজনীতিতে এক বড়সড় পটপরিবর্তন ঘটিয়ে আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন দলের অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডা। আজ, ২৪ এপ্রিল ২০২৬, দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। রাঘবের সঙ্গে আপ-এর আরও ছয়জন রাজ্যসভা সাংসদ বিজেপি-তে নাম লিখিয়েছেন।
কেন এই দলবদল?
জানা গেছে, এদিন দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে গেরুয়া উত্তরীয় গলায় পড়ে এক সময়ের ‘প্রিয় নেতা’ কেজরিওয়ালের বিরুদ্ধেই তোপ দাগেন তিনি। রাঘবের কথায় ধরা পড়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি বরাবরই সঠিক মানুষ ছিলাম, কিন্তু ছিলাম ভুল একটি দলে।’’ তাঁর দাবি, যে স্বচ্ছতা আর নৈতিকতার আদর্শ নিয়ে আন্না হাজারের আন্দোলন থেকে এই দলের জন্ম হয়েছিল, তা এখন দুর্নীতির আবর্তে দিশেহারা। তিনি আরও বলেন, “আমি গত ১৫ বছর এই দলের জন্য আমার রক্ত-ঘাম দিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরেই মনে হচ্ছিল আমি একজন সঠিক মানুষ হয়ে ভুল একটি দলে কাজ করছি“। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ‘জাতীয় স্বার্থে’র কথা মাথায় রেখেই তিনি নরেন্দ্র মোদির সেনাপতি হতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন।
রাঘব চাড্ডা সংবাদ সম্মেলনে জানান যে, আপ-এর মোট ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ (অর্থাৎ ৭ জন) একসঙ্গে বিজেপিতে একীভূত (Merge) হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সাংবিধানিকভাবে তাদের সাংসদ পদ বজায় থাকে।
বিজেপিতে যোগ দেওয়া ৭ জন সাংসদের নাম হলো:
১. রাঘব চাড্ডা
২. সন্দীপ পাঠক
৩. অশোক মিত্তাল
৪. স্বাতী মালিওয়াল
৫. হরভজন সিং
৬. রাজিন্দর গুপ্ত
৭. বিক্রমজিৎ সিং সাহনি
উল্লেখ্য, রাঘবের সঙ্গে বিজেপি শিবিরে যোগ দিয়েছেন সন্দীপ পাঠক, স্বাতী মালিওয়াল এবং প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের মতো হেভিওয়েটরা। মোট ১০ জন আপ সাংসদের মধ্যে ৭ জনই পক্ষ পরিবর্তন করায় দলত্যাগ বিরোধী আইন থেকেও কার্যত ছাড় পাচ্ছেন তাঁরা।

