নতুন মাসের শুরুতেই আবারও ধাক্কা খেল ব্যবসায়ীরা। কাল ১ জুন থেকে ফের বৃদ্ধি পেল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তেল বিপণন সংস্থাগুলির নতুন মূল্য তালিকা অনুযায়ী, কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৩,২৫৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের তুলনায় প্রতি সিলিন্ডারে আরও ৫৩ টাকা ৫০ পয়সা বেশি গুনতে হবে ব্যবসায়ীদের।
গত মে মাসেই এক ধাক্কায় প্রায় হাজার টাকা বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। সেই মূল্যবৃদ্ধির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জুনের শুরুতে ফের দাম বৃদ্ধির ঘোষণা হওয়ায় উদ্বেগ বাড়ছে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, মিষ্টির দোকান ও ক্যাটারিং ব্যবসায়ীদের মধ্যে। কারণ এই সমস্ত ব্যবসার অন্যতম প্রধান খরচই হল রান্নার গ্যাস।
চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে। জানুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিলে ২১৮ টাকা। এরপর মে মাসে এক লাফে ৯৯৪ টাকা দাম বৃদ্ধির নজির তৈরি হয়। সেই ধারাবাহিকতায় জুন মাসেও নতুন করে মূল্যবৃদ্ধি কার্যকর হল। ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে বাণিজ্যিক গ্যাসের দাম ব্যবসায়ীদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে এলপিজির দামের উপর। ওই অঞ্চলে সংঘাত ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ভারত তার প্রয়োজনীয় এলপিজির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য পরিবর্তনও দেশের অভ্যন্তরীণ বাজারে প্রভাব ফেলছে।
তবে, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় আগের মতোই ৯৩৯ টাকা রয়েছে। ফলে সাধারণ পরিবারের রান্নাঘরে আপাতত সরাসরি কোনও প্রভাব পড়ছে না। উল্লেখ্য, নতুন মূল্য আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে।

