সোমবার থেকেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, এই প্রকল্পের জন্য মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আজ থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই অর্থপ্রদান প্রক্রিয়া আগামী ২০ অগস্ট পর্যন্ত চলবে। ফলে একই দিনে সকলের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে টাকা পৌঁছবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এই অর্থপ্রদান নিয়ে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হচ্ছে এবং এই প্রক্রিয়া আগামী চার দিন ধরে চলবে।
মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর, শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে পোস্টে দাবি করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও তুলে ধরা হয়েছে।
তবে মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়লেও আপাতত ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা জানিয়েছে।

