রাজ্যে আগামী ছ’মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC চালু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর বক্তব্য, UCC চালুর পর ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। রবিবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, উত্তরাখণ্ড ও গুজরাটের পরে পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। তাঁর কথায়, ‘‘আর ছ’মাস সময় দিন’’—এরপর বাংলায় UCC চালুর পাশাপাশি ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন আনা হবে। ধর্মান্তর রুখতেও কঠোর পদক্ষেপের কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার সংবিধান মেনেই কাজ করবে। একইসঙ্গে ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, মন্দির, মঠ এবং ঐতিহ্যের উপর কোনও ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। ‘দেশবিরোধী কার্যকলাপ’ ঠেকাতে মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বানও জানান শুভেন্দু।
রাজ্য সরকারের UCC সংক্রান্ত প্রস্তুতির কথাও প্রকাশ্যে এসেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গের জন্য প্রস্তাবিত UCC-র খসড়া পর্যালোচনা করছে। প্রস্তাবিত বিধিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তকের মতো দেওয়ানি বিষয়ে অভিন্ন নিয়মের কথা রয়েছে।
এদিন ধর্মীয় পর্যটন নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলিকে ঘিরে একটি ধর্মীয় পর্যটন সার্কিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও নভেম্বর মাসে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২০ হাজার মানুষের অংশগ্রহণে হনুমান চালিশা পাঠ এবং ২৯ ডিসেম্বর ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে গীতা পাঠের কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তোলার প্রস্তুতিও শুরু হয়েছে বলে তিনি জানান।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
