নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে গিয়ে ২০২১ সালের পায়ে চোট পাওয়ার ঘটনা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রস্তাব, ১০ মার্চ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ হিসেবে পালন করা হোক। তাঁর দাবি, ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও হাড় ভাঙেনি।
রবিবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে পদযাত্রা করেন শুভেন্দু। টেঙ্গুয়ার মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে ২০২১ সালের ১০ মার্চের ঘটনা প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করেন তিনি।
শুভেন্দু বলেন, ‘‘ওঁর পায়ে কিছু হয়নি। গাড়ির বনেট লেগেছিল। সামান্য চোট। নিশ্চয়ই সামান্য চোট হলেও আমি সবার সুস্থতা চাই। কিন্তু আমি তো ভাবছি, মার্চের ১০ তারিখটিকে মিথ্যা দিবস, পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস হিসেবে ঘোষণা করলে কেমন হয়!’’
এর আগে শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকেও একই দাবি করেছিলেন শুভেন্দু। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ২০২১ সালের একটি চিকিৎসা-নথি দেখিয়ে তাঁর দাবি, ওই নথিতে পায়ে ফ্র্যাকচার বা হাড় সরে যাওয়ার কোনও প্রমাণের কথা উল্লেখ নেই। শুভেন্দু আরও জানান, নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর এই বিষয়ে নতুন করে তদন্ত করা হবে।
তবে শুভেন্দুর বক্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল। দলের বিধায়ক কুণাল ঘোষ এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ব্যক্তিগত চিকিৎসা-সংক্রান্ত নথি এভাবে প্রকাশ্যে আনা উচিত নয়। তাঁর দাবি, মমতার পায়ের সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও শুভেন্দুর দাবির সমালোচনা করেন। তাঁর বক্তব্য, শুধু নথি রয়েছে বলে দাবি না করে তা প্রকাশ্যে দেখানো উচিত।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর তাঁকে হুইলচেয়ারে বসে নির্বাচনী প্রচার করতেও দেখা যায়। সেই ঘটনার সত্যতা নিয়ে গত কয়েক দিন ধরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কের মধ্যেই রবিবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ১০ মার্চকে ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ করার প্রস্তাব দিলেন শুভেন্দু।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
