বাংলা, ইংরেজি কিংবা হিন্দি রাজ্যের নাম সব ভাষাতেই এবার থেকে ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে বিধানসভার আগামী অধিবেশনে একটি বিল আনা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সোমবার দলের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের নামের ক্ষেত্রে ভাষাভেদে আলাদা আলাদা নাম আর থাকবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলা, ইংরেজি ও হিন্দি তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। অর্থাৎ ‘West Bengal’, ‘বাংলা’ বা ‘পশ্চিমবাংলা’ নামে আলাদা করে উল্লেখ করার পরিবর্তে একটিই নাম ব্যবহারের প্রস্তাব করা হচ্ছে।
রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি অবশ্য নতুন নয়। ১৯৯৯ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নিয়েছিল। সেই সময় বিধানসভায় এ বিষয়ে একটি বিলও আনা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া আর এগোয়নি।
এরপর ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের নাম তিন ভাষায় আলাদা করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার কথা বলা হয়েছিল। বিধানসভায় বিল পাশ হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন না মেলায় সেই উদ্যোগ কার্যকর হয়নি।
২০১৮ সালেও রাজ্যের নাম পরিবর্তনের জন্য বিধানসভায় নতুন প্রস্তাব আনে তৃণমূল সরকার। সেই প্রস্তাবে সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবও শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
এবার ফের রাজ্যের নাম নিয়ে নতুন উদ্যোগের কথা সামনে এল। শমীক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, আগামী বিধানসভা অধিবেশনে বিল এনে সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। তবে প্রস্তাবটি কার্যকর করতে বিধানসভায় পাশ হওয়ার পর সাংবিধানিক ও কেন্দ্রীয় স্তরের প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
