মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে সেটিকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মাদ্রাসা সার্ভিস কমিশন আর পৃথকভাবে থাকছে না। আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে, ওটা স্কুল সার্ভিস কমিশনে মার্জ করা হয়েছে।’’
তাঁর এই ঘোষণার পরেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একই ধরনের নিয়োগ ব্যবস্থা চালু করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন সাধারণ স্কুল এবং মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশন থাকায় পরীক্ষা নেওয়া, প্যানেল তৈরি এবং নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনি জটিলতাও দেখা দিয়েছে। একই কমিশনের অধীনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এলে সেই জটিলতা অনেকটাই কমবে বলে মনে করছে সরকার।
খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা যাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। পরীক্ষার সিলেবাস, নিয়োগের নিয়ম এবং অন্যান্য প্রক্রিয়াতেও স্কুল সার্ভিস কমিশনের কাঠামো অনুসরণ করা হতে পারে।
এর ফলে রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পৃথক কমিশনের পরিবর্তে একটি অভিন্ন নিয়োগ কাঠামো তৈরি হবে। মাদ্রাসা এবং সাধারণ স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে একই ধরনের নিয়ম ও প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই সংক্রান্ত চূড়ান্ত নিয়ম, সিলেবাস এবং নিয়োগের পদ্ধতি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।
এর আগে রাজ্যজুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো, অনুমোদন এবং পরিচালন ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। অনুমোদনের অভাব এবং প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতির মতো বিষয়গুলি এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত কার্যকর হলে আগামী দিনে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াতেই বড় পরিবর্তন আসতে চলেছে। এখন সরকারি বিজ্ঞপ্তিতে কী নিয়ম ও কাঠামো ঘোষণা করা হয়, সেদিকেই নজর রয়েছে শিক্ষক চাকরিপ্রার্থীদের।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
