দক্ষিণ দিনাজপুর, কুমারগঞ্জ: ভোটের দুপুরেই রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। অভিযোগ, কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রাম পঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে আক্ষরিক অর্থেই মাঠ দিয়ে দৌড়াতে হয় বিজেপি প্রার্থীকে। এই নজিরবিহীন ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে খবর, বানিহারি এলাকায় বিজেপির পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে— এমন খবর পেয়েই সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, তিনি বুথের সামনে পৌঁছাতেই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই শুভেন্দু সরকারকে ঘিরে ধরে কিল-চড়-ঘুষি মারা হয়। এমনকি তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলেও অভিযোগ।
শুভেন্দু সরকারের অভিযোগ, যখন তাঁকে মারধর করা হচ্ছিল তখন স্থানীয় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। দেখা যায়, একদল উন্মত্ত জনতা তাঁকে তাড়া করছে এবং শুভেন্দু সরকার নিজের প্রাণ বাঁচাতে মাঠের ওপর দিয়ে দৌড়াচ্ছেন। এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন রাজনৈতিক মহলের একাংশ।
ঘটনার খবর পৌঁছাতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। পুলিশের উপস্থিতিতে কীভাবে একজন প্রার্থীর ওপর হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ঘটনার বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) তলব করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল ভিডিও দেখে দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
আক্রান্ত প্রার্থী শুভেন্দু সরকারের দাবি, “পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডারা আমাকে মারধর করেছে। কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল, বাইরে আমাকে কোনো সুরক্ষা দেওয়া হয়নি। এরা হার নিশ্চিত বুঝেই এই ধরণের হামলা চালাচ্ছে।” অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি সাধারণ গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জনরোষ। বিজেপি প্রার্থী প্ররোচনা দিতে আসাতেই এই বিপত্তি।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট তলব করার পরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই কিল-চড়-ঘুষি মারার ঘটনায় বৃহস্পতিবার দুপুরেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও দেখে এদের শনাক্ত করা হয়। চলতি নির্বাচনে কোনও বিধানসভা কেন্দ্রের প্রার্থীর ওপর হামলার ঘটনায় এটিই প্রথম বড় মাপের গ্রেফতারি বলে মনে করা হচ্ছে ।
পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও খোঁজা হচ্ছে। প্রার্থীর নিরাপত্তার খাতিরে ওই বুথে অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

