কোচবিহার: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই উত্তপ্ত কোচবিহার। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সরাসরি ভোটারদের টাকা দিয়ে কেনার অভিযোগ তুললেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী ডঃ সাবলু বর্মণ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তিনি।
সাবলু বর্মণ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “দেখুন কী হাল! বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক নির্বাচন চলাকালীন কোচবিহার চা বাগানে ঢুকে নিরীহ মানুষগুলোকে ২০০ করে টাকা দিয়ে বেআইনীভাবে ক্রয় করছিলেন। বাগানের মানুষ সমবেত প্রতিবাদ করলে সে হাত উঁচিয়ে মারতে যায় ও দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়। ছি! ছি! ছি! বিজেপি।”
ভিডিওর মাধ্যমে তিনি দাবি করেছেন যে, চা বাগান এলাকায় সাধারণ শ্রমিকদের টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। শুধু তাই নয়, স্থানীয় মানুষ প্রতিবাদ করলে নিশীথ প্রামাণিক তাঁদের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।
এর আগে মাথাভাঙার ৪৭ ও ৪৮ নম্বর বুথেও একই ধরণের অভিযোগ ওঠে। সেখানে ভোটারদের লাইনে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে দেখা যায় করজোড়ে আবেদন করতে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “মাত্র ২০০ টাকায় নিজেদের মূল্যবান ভোট বিক্রি করবেন না।” পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি ভোটারদের কাছে অনুরোধ করেন যাতে টাকার প্রলোভনে গণতন্ত্রকে নষ্ট না করা হয়।
সাবলু বর্মণের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে টাকা ছড়ানো এবং ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ নীরব। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও কেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
যদিও বিজেপির পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, হার নিশ্চিত জেনে তৃণমূল এখন সহানুভূতি কুড়োনোর জন্য নাটক করছে। কোনো বুথেই টাকা বিলি করা হয়নি।


