আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মোট ১৬টি জেলার ১৫২টি আসনে এদিন ভোট নেওয়া হবে। এই দফায় লড়াই করছেন ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। বর্তমান হিসাব অনুযায়ী, ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তবে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ভোটার তালিকায় বিশেষ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। মূলত ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। এই নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর জন্য গঠন করা হয়েছিল ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’।
কমিশন সূত্রে খবর, ভোটারদের সুবিধার্থে গতকাল গভীর রাত পর্যন্ত কাজ করেছে এই ট্রাইব্যুনাল। যারা আবেদন করেছিলেন, তাদের মধ্যে কাদের নাম তালিকায় ফিরল, বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১ (অতিরিক্ত তালিকা) কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করেছে। অর্থাৎ, যাঁদের নাম এই বিশেষ তালিকায় উঠেছে, তাঁরাও আগামীকাল বুথে গিয়ে ভোট দিতে পারবেন।
একইসঙ্গে ট্রাইব্যুনালে যাঁদের আবেদন নাকচ হয়েছে, তাঁদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ১৬টি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ভোটারদের জন্য এই তালিকাটি একবার দেখে নেওয়া উচিত।
উল্লেখ্য, আজকের মধ্যেই ঠিক কতজন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন, সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মোট কতজন নতুন ভোটার অন্তর্ভুক্ত হলেন, সেই চূড়ান্ত সংখ্যাটি কমিশন এখনও স্পষ্ট করেনি।

