২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক পাঁচ দিন আগে কড়া পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (OC) সন্দীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষপাতিত্ব এবং স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, সন্দীপ সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে একগুচ্ছ গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের মূল বিষয় ছিল— পক্ষপাতদুষ্ট আচরণ এবং নির্বাচনের সময় সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হওয়া।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি হিঙ্গলগঞ্জে টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোর নাথ ও তরুণ মণ্ডল। অভিযোগ ওঠে, প্রথমে তাঁদের আটক করা হলেও পরে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়। গত ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই সংক্রান্ত একটি রিপোর্ট কমিশনে পাঠান। সেই রিপোর্ট খতিয়ে দেখেই বৃহস্পতিবার ওসির বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রের পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সন্দীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে কড়া বিভাগীয় তদন্ত (Disciplinary Proceedings) শুরু করতে হবে। আজ, ২৪শে এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে তার রিপোর্ট (Compliance Report) কমিশনকে পাঠাতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। একইসঙ্গে হিঙ্গলগঞ্জ থানার নতুন ওসির পদের জন্য রাজ্যের কাছে দ্রুত যোগ্য আধিকারিকদের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন।
হিঙ্গলগঞ্জ কেন্দ্রটি এবারের নির্বাচনে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। কারণ, এখান থেকেই বিজেপির টিকিটে লড়ছেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র। আগামী ২৯শে এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ঠিক পাঁচ দিন আগে থানার সর্বোচ্চ পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ায় এলাকায় ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।

