রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের বিজেপি সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো কর্মী বা আধিকারিক সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে পারবেন না, কিংবা কোনো প্রশাসনিক তথ্য আদান-প্রদান করতে পারবেন না। মূলত প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করার জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৯ মে, ২০২৬ তারিখে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে পাঠিয়েছেন।
নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সংবাদপত্র বা পত্রিকায় লেখালেখি করা, কোনো ম্যাগাজিন সম্পাদনা করা কিংবা রেডিও তে বক্তব্য রাখার ক্ষেত্রেও সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে জনসমক্ষে বা সংবাদমাধ্যমে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা যাবে না। এমনকি এমন কোনো মন্তব্য করা চলবে না, যা রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক অথবা ভারতের সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে। যদি কেউ এই নিয়ম অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, অল ইন্ডিয়া সার্ভিস (AIS) কনডাক্ট রুলস এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধির পুরোনো নিয়মগুলিকেই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে কড়াভাবে চালু করা হলো। বিভিন্ন মহলের দাবি, সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি তথ্য আগাম বাইরে চলে যাচ্ছিল এবং সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে অনুমতি ছাড়া সরকারি কর্মীদের একাংশের মন্তব্য করার প্রবণতা বাড়ছিল। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।
এই নির্দেশিকা শুধুমাত্র সরকারি অফিসার বা কর্মীদের জন্যই নয়, বরং সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা, পুরসভা, এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন