রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার সরকারি ছুটির তালিকাতেও বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘোষিত বছরকার ছুটির তালিকায় এবার সরাসরি কাটছাঁট করলো। চলতি বছরের শুরুতে পূর্বতন সরকারের দেওয়া ছুটির তালিকা অনুযায়ী, মে মাসে বকরি ইদ বা ইদ-উদ-জোহা উপলক্ষে রাজ্যে দু’দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।
২৬ মে মঙ্গলবার এবং ২৭ মে বুধবার সরকারি দফতরগুলি বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শনিবার বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে আগের সেই নির্দেশ সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বকরি ইদে এবার আর দু’দিন নয়, মিলবে মাত্র একদিনের ছুটি।
জানা গিয়েছে, আগামী ২৮ মে বৃহস্পতিবার বকরি ইদ উদযাপিত হবে। সেই কারণে কেন্দ্রের ছুটির তালিকার সাথে সামঞ্জস্য রেখে শুধুমাত্র ২৮ মে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, আধা-সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে গত বছরের ২৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে ২৬ ও ২৭ মে যে ছুটি ঘোষণা করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে আগামী ২৬ মে মঙ্গলবার এবং ২৭ মে বুধবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি অন্যান্য সাধারণ দিনের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে।
স্বভাবতই, সরকারের এই সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গের পড়ুয়া এবং দূর জেলার কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ ও যাতায়াতের সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
