এ বছর আর কলকাতার রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। রাজ্য সরকারের নতুন নির্দেশনার প্রেক্ষিতে রেড রোডে নামাজ পড়ার সিদ্ধান্ত বাতিল করেছে পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে রাস্তায় জনসমাগম করে আর কোনো ধর্মীয় আচার বা নামাজ পড়া যাবে না। এই নির্দেশের পরেই দীর্ঘদিনের ঐতিহ্যে ছেদ টেনে রেড রোডের বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে নামাজের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সূত্রে খবর, রেড রোডের ওপর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনা করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, রেড রোডের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনীও নিরাপত্তার স্বার্থে সেখানে নামাজের আয়োজন করার বিষয়ে আপত্তি জানিয়েছিল। খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান জানিয়েছেন, শহরের শান্তি ও সুব্যবস্থা বজায় রাখার স্বার্থে পুলিশের অনুরোধ মেনে নিয়ে তারা ব্রিগেডে নামাজ আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন।
পুলিশের জয়েন্ট কমিশনার সুদীপ সরকার জানিয়েছেন, রেড রোডের পরিবর্তে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পানীয় জল ও জরুরি চিকিৎসা পরিষেবার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন।
অন্যদিকে, পার্ক সার্কাস ময়দানে ঈদের নামাজ হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পার্ক স্ট্রিট নামাজ ঈদাইন কমিটির সভাপতি বিজলি রহমান জানিয়েছেন, কলকাতা পৌরসভার অনুমতি মিললেও কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ছাড়পত্র পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
