বিধানসভার সই-কাণ্ডের তদন্তে সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছিল রাজ্য সিআইডি। তদন্তের স্বার্থে দুপুর ১২টায় তাঁকে উপস্থিত থাকার জন্য সমন পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি হাজিরা দেননি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
সূত্রের খবর, সম্প্রতি ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। এখনও তাঁর চোয়াল, ঘাড় এবং বুকের ডান দিকের অংশে ব্যথা রয়েছে বলেই দলীয় সূত্রে দাবি। সেই কারণেই এদিন তদন্তকারীদের সামনে উপস্থিত হওয়া সম্ভব নয় বলে সিআইডিকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিধানসভার একটি নথিতে স্বাক্ষর সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে সিআইডি তদন্ত। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তদন্তকারীরা নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও সংগ্রহ করছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
সূত্রে জানা গিয়েছে, অভিষেকের পাঠানো চিঠি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে তাঁকে নতুন করে হাজিরার নোটিস পাঠানো হতে পারে।
