রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, তাঁর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাওয়ার চেষ্টা করছে। বিষয়টি জানাজানি হতেই সাধারণ মানুষকে সতর্ক করে সামাজিক মাধ্যমে বার্তা দেন শিক্ষামন্ত্রী।
শনিবার নিজস্ব ফেসবুক পেজ এ একটি পোস্ট করে দীপক বর্মন জানান, তাঁর মোবাইল হ্যাক হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তাঁর নাম করে কেউ টাকা চাইলে যেন কোনও অবস্থাতেই তা বিশ্বাস না করা হয়। তিনি লেখেন, “আমি সুস্থ আছি। কেউ টাকা-পয়সা কিছু দেবেন না।”
বিষয়টি নজরে আসার পরই তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
জানা গিয়েছে, হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে শিক্ষামন্ত্রীর পরিচিতদের কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। তাই তিনি সকলকে সতর্ক থাকার এবং তাঁর নম্বর থেকে কোনও আর্থিক সাহায্যের অনুরোধ এলে তা যাচাই না করে কোনও অর্থ লেনদেন না করার আবেদন জানিয়েছেন।

