নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে যায়।
শুধু অনন্ত মহারাজের বিরুদ্ধেই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এখনও পর্যন্ত মোট ৯টি FIR দায়ের হয়েছে। পুলিশি পদক্ষেপও জোরদার শুরু হয়েছে। গতরাত পর্যন্ত নেতাজিকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি জলপাইগুড়ির ফুলবাড়িতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনন্ত মহারাজ। প্রকাশ্য মঞ্চে নেতাজিকে ‘ওয়ার ক্রিমিনাল’ এবং ‘দেশদ্রোহী’ বলেও মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর সেই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।
এরপর বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয় রাজ্য সরকার। নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়। প্রয়োজনে গ্রেফতারের কথাও জানানো হয়। সেই আবহেই এবার অনন্ত মহারাজের বিরুদ্ধেও FIR দায়ের করল পুলিশ।
এদিকে, FIR দায়েরের খবর সামনে আসার আগেই অনন্ত মহারাজ একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

