ইউজিসি নেট জুন ২০২৬ পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ৮৪টি বিষয়ের UGC NET June 2026 পরীক্ষার ফাইনাল অ্যানসার কি প্রকাশ করেছে। আজ শুক্রবার, ২৮ অগস্ট এনটিএর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীরা ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের বিষয় অনুযায়ী ফাইনাল অ্যানসার কি দেখতে পারবেন।
এর আগে গত ১৬ অগস্ট ইউজিসি নেট জুন ২০২৬-এর প্রভিশনাল অ্যানসার কি প্রকাশ করেছিল NTA। সেই উত্তরসঙ্কেত নিয়ে পরীক্ষার্থীদের আপত্তি বা চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের জমা দেওয়া আপত্তিগুলি পর্যালোচনা করার পর এবার ৮৪টি বিষয়ের চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করা হল।
তবে ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ফাইনাল অ্যানসার কি প্রযোজ্য নয়। এই তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল NTA। তাই ওই তিন বিষয়ের পরীক্ষার্থীরা আপাতত ফাইনাল অ্যানসার কি বা স্কোরকার্ড দেখতে গেলে সমস্যার মুখে পড়তে পারেন। পুনরায় পরীক্ষা শেষ হওয়ার পর তাঁদের ফলাফল এবং সংশ্লিষ্ট উত্তরসঙ্কেত প্রকাশ করা হবে।
কবে হবে পুনরায় পরীক্ষা?
NTA-র তথ্য অনুসারে, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়া হবে।
৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে ইংরেজি পরীক্ষা। একই দিন দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে কমার্স পরীক্ষা। পরের দিন, অর্থাৎ ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে সমাজবিদ্যার পরীক্ষা।
এই তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার কারণেই তাঁদের ফলাফল ও স্কোরকার্ডের জন্য আরও অপেক্ষা করতে হবে।
কীভাবে UGC NET June 2026 Final Answer Key দেখবেন?
প্রথমে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে UGC NET সংক্রান্ত সেকশন বা ‘Candidate Activity’ অংশে যেতে হবে। সেখানে ‘Final Answer Key UGC-NET June 2026 (84 Subjects’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় লগইন তথ্য দিতে হবে।
Application Number
Password
Security Pin
এই তথ্যগুলি সঠিকভাবে দিয়ে লগ ইন করলে স্ক্রিনে সংশ্লিষ্ট বিষয়ের Final Answer Key দেখা যাবে। পরীক্ষার্থীরা তাঁদের দেওয়া উত্তরগুলির সঙ্গে ফাইনাল অ্যানসার কি মিলিয়ে দেখতে পারবেন। অ্যানসার কি দেখে নেওয়ার পর ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তাই সেটি ডাউনলোড করে PDF হিসেবে সংরক্ষণ করে রাখতে পারেন।
উল্লেখ্য যে, চলতি বছরের জুনে মোট ৮৭টি বিষয়ে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রের মান এবং প্রশ্নে তথ্যগত, মুদ্রণ ও অনুবাদজনিত ত্রুটি নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। সেই অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল এনটিএ। পরবর্তী সময়ে কমিটির পর্যালোচনায় ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা এই তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি ধরা পড়ে। সেই কারণেই ওই তিন বিষয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে Junior Research Fellowship (JRF) এবং Assistant Professor পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়। পাশাপাশি, নির্দিষ্ট ক্ষেত্রে PhD তে ভর্তির যোগ্যতাও এই পরীক্ষার ফলের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে ইউজিসি-নেট পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবার ৮৪টি বিষয়ের ফাইনাল অ্যানসার কি প্রকাশ হওয়ায় ফলাফলের অপেক্ষা আরও জোরালো হয়েছে। তবে ইংরেজি, কমার্স ও সমাজবিদ্যার পরীক্ষার্থীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ওই তিন বিষয়ের পরীক্ষা ৯ ও ১০ সেপ্টেম্বর পুনরায় নেওয়ার পর তাঁদের ফলাফল প্রকাশ করা হবে।
University Grants Commission (UGC)-NET Portal Link: Click Now

