বাংলার মা-বোনেদের জন্য বড় খুশির। এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, লক্ষ্মীর ভান্ডার এবার ‘অন্নপূর্ণা ভান্ডার’। এবার থেকে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের একটি নতুন ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল বুধবার বিকেলের মধ্যেই নবান্ন থেকে এই ফর্মটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আমি ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ফর্ম প্রকাশ করব।”
কিভাবে কোথা থেকে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম
এই ৩,০০০ টাকা পেতে গেলে উপভোক্তাদের একটি নতুন ফর্ম ফিলাপ করতে হবে। বুধবার বিকেলেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যৌথভাবে এই ফর্মটি প্রকাশ করবেন।
তবে ফর্ম তোলার জন্য আপনাদের কোথাও লাইন দিয়ে কষ্ট করতে হবে না। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ফর্মটি অনলাইনে ডাউনলোডের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে। এমনকি সাধারণ মানুষের সুবিধার্থে বিধায়কেরা নিজে উদ্যোগে এবং সরকারের তরফ থেকে বিডিও (BDO) অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিলাপের সাহায্য করবেন।
জানা গেছে, ফর্ম জমা পড়ার সাথে সাথেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে যাবে এবং আগামী ১লা জুন থেকেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো শুরু হবে। যত তাড়াতাড়ি ফর্ম ফিলাপ করে জমা দেবেন, তত তাড়াতাড়ি টাকা পাবেন।
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে “নতুন ফর্ম পূরণ করতে করতে যদি পুরনো টাকা বন্ধ হয়ে যায়?” এদিন মুখ্যমন্ত্রী এবিষয়ে বলেন তিনি সাফ জানিয়েছেন, যতদিন না আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢোকা শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো নিয়ম মেনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতেই থাকবে। অর্থাৎ, একটা টাকাও মিস যাবে না!
কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা
যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই এই টাকা পাবেন। ট্রাইবুনালে থাকা মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন। এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাওয়ার জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে DBT (Direct Benefit Transfer) অপশনটি অবশ্যই চালু রাখতে হবে।
মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন, এই সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোভাবেই এই প্রকল্পের আওতায় আসবেন না।

