পেট্রোল ও ডিজেলের পর এবার একধাক্কায় বাড়ানো হলো সিএনজি (CNG) র দাম। আজ, মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজধানী দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বৃদ্ধি করে ৮৩.০৯ টাকা করা হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরেই এই মূল্যবৃদ্ধি বলে জানানো হয়েছে। একদিকে ইরান সংকট, অন্যদিকে শান্তি আলোচনার মাঝেই আজ সকালে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ঘাঁটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) হামলা।
সব মিলিয়ে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে।
কলকাতাতেও গত ১১ দিনে রেকর্ড চারবার বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। বর্তমানে কলকাতায় প্রতি লিটার পেট্রোল ১১৩.৫১ টাকা এবং ডিজেল ৯৯.৮২ টাকায় গিয়ে ঠেকেছে। ক্রমাগত জ্বালানির এই দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ গাড়িচালক থেকে শুরু করে বাণিজ্যিক যানবাহনের মালিকদের।
