জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল চলতি বছরের স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি-র (NEET UG) অ্যাডমিট কার্ড। সোমবার সকাল ১০টার কথা থাকলেও, তার আগেই অর্থাৎ রবিবার রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে অ্যাডমিট কার্ড প্রকাশের কথা ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা এখন থেকেই পোর্টাল থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কিভাবে ডাউনলোড করবেন দেখুন
এনটিএ-র অফিসিয়াল পোর্টালে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ‘অ্যাপ্লিকেশন নম্বর’ এবং ‘পাসওয়ার্ড’ ও সিকিউরিটি পিন ব্যবহার করে লগ-ইন করলেই অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।
ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সুবিধার জন্য কোন শহরে পরীক্ষা পড়েছে, সেই ‘সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। এনটিএ সূত্রে খবর, এ বছর পরীক্ষার্থীদের যাতায়াতের ধকল কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। যার ফলে প্রায় ৯৯.২ শতাংশ পরীক্ষার্থীই তাঁদের প্রথম পছন্দের শহরটি পরীক্ষাকেন্দ্র হিসেবে পেয়েছেন।
উল্লেখ্য যে, আগামী ৩ মে দেশের ৫৫২টি এবং বিদেশের ১৪টি শহরে এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এবছর প্রায় ২৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। পরীক্ষা পেন এবং পেপার (অফলাইন) মোডে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। নিট পরীক্ষা বাংলা, ইংরেজি, হিন্দি-সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা দুপুর ২টো থেকে শুরু হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ১১টা থেকেই পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। তবে কড়া নিয়ম অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ডাউনলোড লিঙ্ক: Click Now

