বিধানসভা নির্বাচনের ভোটগণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি. এস. নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের একটি বিশেষ বেঞ্চ এই রায় প্রদান করে। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় কোনও বেআইনি উপাদান নেই ।
যদিও তৃণমূলের যুক্তি ছিল, কেন্দ্রীয় কর্মীদের নিয়োগ করলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। কেন রাজ্য সরকারি কর্মীদের এই দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে, সেই প্রশ্নও তোলে তৃণমূল।
প্রথমে কলকাতা হাইকোর্ট তৃণমূলের এই আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছিল, কাকে দিয়ে গণনা করানো হবে তা ঠিক করার সম্পূর্ণ অধিকার কমিশনের রয়েছে। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার রাতেই সুপ্রিম কোর্টের কড়া নাড়ে তৃণমূল। শনিবার আদালতের ছুটি থাকা সত্ত্বেও বিষয়ের গুরুত্ব বিচার করে তড়িঘড়ি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি।
এ দিন বিচারপতি পি. এস. নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানায়, গণনা প্রক্রিয়া কীভাবে স্বচ্ছ রাখা যায়, সেই ভার কমিশনের ওপরই ছেড়ে দেওয়া উচিত। আদালতের এই রায়ের পর কমিশন জানিয়েছে, ১৩ এপ্রিলের গাইডলাইন মেনেই গণনা সারা হবে এবং সেখানে সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই স্বচ্ছতা বজায় রাখা হবে।
