ধর্ম পরিবর্তন ঠেকাতে নতুন আইন আনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ধর্মান্তরণ নয়, এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, তাঁর সরকারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এক, ধর্ম পরিবর্তন ঠেকাতে আইন আনা এবং দুই, জমি কেনাবেচার ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা। তাঁর অভিযোগ, রাজ্যে দরিদ্র মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা চলছে। বিদেশ থেকে আসা অর্থ ব্যবহার করেও এ ধরনের কাজ চলছে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “আরও দুটি কাজ বাকি। ধর্মান্তরণ এবং জমি কেনাবেচায় বিধিনিষেধ সম্পর্কিত বিল আনব।” তবে জমি কেনাবেচার ক্ষেত্রে ঠিক কী ধরনের নিয়ম বা বিধিনিষেধ আনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিন অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, খুব শিগগিরই রাজ্যে ইউসিসি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, “এক দেশ, এক আইন” নীতির পথে এগোচ্ছে তাঁর সরকার। ইউসিসি-সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়েছে বলেও জানান তিনি।
