দুর্গাপুজোর আগেই বড় সিদ্ধান্ত নবান্নের। ১ অক্টোবর থেকে কার্যকর নতুন নিয়মে সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট এবং তার নিচের পদমর্যাদার পুলিশকর্মীরা বাড়তি ৫০০ টাকা রেশন ভাতা পাবেন।
এছাড়াও পুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের জন্য রেশন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন সংশ্লিষ্ট পুলিশকর্মীরা মাসে ১৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে সেই ভাতা বেড়ে মাসে ২০০০ টাকা করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা এবং তার নিচের স্তরের যে কর্মীরা এতদিন ১৫০০ টাকা হারে রেশন ভাতা পেতেন, তাঁরাই এই বর্ধিত ভাতার আওতায় আসবেন।
অর্থাৎ, মাসিক রেশন ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০০০ টাকা হারে এই ভাতা দেওয়া হবে। রাজ্যের অর্থ দফতরের অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি নীতিন সিংঘানিয়া স্বাক্ষরিত ওই নির্দেশিকার প্রতিলিপি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং অর্থ দফতর-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে।
এদিকে দুর্গাপুজো-সহ একাধিক উৎসবকে সামনে রেখে পুলিশকর্মীদের ছুটি নিয়েও কড়া নির্দেশ জারি হয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজোর নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণভাবে কোনও পুলিশকর্মীর ছুটির আবেদন মঞ্জুর করা হবে না। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
