নিত্যপণ্যের বাজারে ফের বড়সড় ধাক্কা। আগামীকাল ১৪ মে, ২০২৬ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে আমুল (Amul) ব্র্যান্ডের তাজা দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়তে চলেছে। তবে শুধু আমুল নয়, একই পথে হেঁটে দাম বাড়িয়েছে আরেক জনপ্রিয় দুগ্ধ সংস্থা মাদার ডায়েরি (Mother Dairy)। স্বাভাবিকভাবেই কাল সকাল থেকে দুধ কিনতে গিয়ে মধ্যবিত্তের পকেটে বাড়তি টান পড়তে চলেছে।
আমুলের প্রায় সব জনপ্রিয় ভ্যারিয়েন্টের দুধের দামই বাড়ানো হয়েছে। কাল থেকে আমুল গোল্ড (Amul Gold) ৫০০ মিলি প্যাকেটের দাম ৩৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩৫ টাকা এবং ১ লিটারের দাম পড়বে ৭০ টাকা। অপরদিকে, আমুল তাজা (Amul Taaza) ৫০০ মিলি প্যাকেটের দাম ২৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৯ টাকা এবং ১ লিটারের প্যাকেটের দাম পড়বে ৫৭ টাকা। আমুল কাউ মিল্ক (গরুর দুধ) ৫০০ মিলি এখন পাওয়া যাবে ৩০ টাকায় (আগে ছিল ২৯ টাকা) এবং ১ লিটারের দাম হবে ৬০ টাকা। এছাড়া, আমুল শক্তি (Amul Shakti) ৫০০ মিলি প্যাকেটের নতুন দাম করা হয়েছে ৩২ টাকা। আমুল বাফেলো মিল্ক (মহিষের দুধ) ৫০০ মিলি এখন মিলবে ৩৯ টাকায় এবং এর ১ লিটারের দাম পড়বে ৭৬ টাকা। সবশেষে, আমুল টি স্পেশাল (Amul Tea Special) ১ লিটার প্যাকেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে; এর বর্তমান দাম ৬৩ টাকা থেকে বাড়িয়ে ৬৬ টাকা করা হয়েছে।
জানা গেছে, দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন অংশে মাদার ডায়েরির দুধের দামও কাল থেকে লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে। সংস্থাটির ‘ফুল ক্রিম‘ দুধ এখন লিটার প্রতি ৭২ টাকা এবং ‘টোনড মিল্ক‘ ৬০ টাকায় বিক্রি হবে।
সংস্থাগুলোর দাবি, গত এক বছরে দুধ উৎপাদনের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। গবাদি পশুর খাবারের খরচ এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আমুল জানিয়েছে, তারা গ্রাহকদের থেকে নেওয়া প্রতি ১ টাকার মধ্যে ৮০ পয়সাই সরাসরি দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের দিয়ে থাকে। কৃষকদের ন্যায্য মূল্য দিতেই এই ২ টাকা দাম বাড়ানো হয়েছে।
